ভারতে পাচারের সময় ১ কোটি ৩৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

ভারতে পাচারের সময় ১ কোটি ৩৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

জয়পুরহাটের কালাই উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ১ কোটি ৩৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ সময় পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া মূর্তি দুটির মোট ওজন ১৩৫ কেজি ৮৭০ গ্রাম এবং সদর দপ্তর বিজিবি নির্ধারিত বাজার মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।

শুক্রবার দুপুরে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংঘবদ্ধ চক্র কয়েকটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি ভারতে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। রাত ৯টার দিকে দইহারা গ্রামে বিজিবি ও পুলিশের যৌথ অভিযান চালায়।

অভিযানে দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন দইহারা গ্রামের আলিপ হোসেন (২২), সরজিনা আক্তার (৩০) এবং জিড়াই গ্রামের এনামুল হক (৫০)।

বিজিবি জানায়, উদ্ধার করা মূর্তি দুটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহার কর্তৃপক্ষের মাধ্যমে কষ্টিপাথর হিসেবে যাচাই করা হয়েছে। পরে জয়পুরহাট শহরে ডিজিটাল পাল্লায় ওজন নির্ধারণ করা হয়। এর মধ্যে বড় মূর্তিটির ওজন ১১৯ কেজি এবং ছোটটির ওজন ১৬ দশমিক ৮৭ কেজি।

উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তি ও আটক ব্যক্তিদের গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় প্রত্নসম্পদ ও ঐতিহ্যবাহী নিদর্শন পাচার রোধে তাদের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন