আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের রাজনৈতিক অঙ্গনে প্রচার-প্রচারণা জোরে সরে চলছে। এ প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান ভোটারদের প্রতি ব্যতিক্রমী ও জোরালো আহ্বান জানিয়েছেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পাশাপাশি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
রোববার (১লা ফেব্রুয়ারি) বিকালে গোদাগাড়ী সদর ডাইংপাড়া বাজারে আয়োজিত নির্বাচনি গণসংযোগ ও পথসভায় তিনি এ আহ্বান জানান। এর আগে সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী পৌরসভার ২নং ওয়ার্ড মহিশালবাড়ী বাজারে গণসংযোগের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। সন্ধায় ৪নং ওয়ার্ড রেলওয়ে বাজার ও ৩নং ওয়ার্ড মাদারপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় নেতা-কর্মীদের হাতে লিফলেট ও প্রতীকী দাঁড়িপাল্লা দেখা যায়।
গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াতে ইসলামী স্বাধীনতা, ন্যায় ও মুক্তির পক্ষে রাজনীতি করে।
তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমূলক বাংলাদেশ গড়তে হলে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যে তিনি বিশেষ করে তরুণ ভোটারদের প্রথম ভোট দাঁড়িপাল্লা প্রতীক ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেওয়ার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এবারের জনগণের চেতনা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার। দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে জামায়াতে ইসলামী প্রয়োজন। শান্তির রাজনীতিতে বিশ্বাসী এই দল সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী হবে সাধারণ জনগণের মুক্তির দিন। সবাইকে ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। সকালের আলো ফোটার আগেই ভোটকেন্দ্রে উপস্থিত থেকে কেন্দ্র দখলমুক্ত রাখতে জনগণের উপস্থিতিই হবে সবচেয়ে বড় শক্তি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

