নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘আমি শুধু বিএনপির এমপি নই, বরং দলমত-নির্বিশেষে এই এলাকার সব মানুষের এমপি হয়ে কাজ করতে চাই। আমরা ক্ষমতার দাপট দেখাতে আসিনি, জনগণকে সঙ্গে নিয়ে সেবক হিসেবে কাজ করতে চাই।’
সোমবার বিকেলে সাপাহার প্রেসক্লাব কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাপাহার প্রেসক্লাবের সভাপতি তছলিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন সাংবাদিকেরা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দলের পরিচয় দিয়ে কেউ প্রভাব খাটিয়ে কোনো প্রকার বেআইনি কাজ বা অনিয়ম করতে পারবে না। প্রশাসন ও সরকারি সব দপ্তরকে সম্পূর্ণভাবে নীতিমালা অনুসরণ করে চলতে হবে।’
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘সাংবাদিকেরা হচ্ছেন সমাজের আয়না। আপনারা সমাজের সব অনিয়ম ও অসংগতি দ্বিধাহীনভাবে তুলে ধরবেন। পেশাগত দায়িত্ব পালনকালে যদি কোনো সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন বা হুমকি দেওয়া হয়, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় নেতা-কর্মীদের সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
উপজেলা পর্যায়ের সাংবাদিকদের আর্থিক সংকটের বিষয়টি উল্লেখ করে সংসদ সদস্য বলেন, ‘উপজেলা পর্যায়ে অনেক সাংবাদিকের বেতন-ভাতা নেই। বিশেষ করে অসুস্থ ও অসহায় সাংবাদিকদের সহায়তার জন্য আমি বিশেষ উদ্যোগ গ্রহণ করব।’
সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল আকতার, সাংবাদিক প্রদীপ সাহা, তোফায়েল আহম্মেদ, শরিফ তালুকদার, কামরুল ইসলাম, ইব্রাহিম খলিল ও সোহেল চৌধুরী রানা প্রমুখ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান লাবু, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সাবেক যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা, সমন্বয় সভা এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সেখানেও তিনি স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করার জন্য কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

