আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিএনপি ইনসাফের বাংলাদেশ গড়বে: কৃষিবিদ হাসান জাফির

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

বিএনপি ইনসাফের বাংলাদেশ গড়বে: কৃষিবিদ হাসান জাফির

পাবনা-৩ আসনে বিএনপি দলীয় প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, বিএনপি ইনসাফের বাংলাদেশ গড়বে, যেখানে গণতন্ত্রের সঠিক চর্চা হবে। রাজনীতিতে গণতান্ত্রিক সৌন্দর্য ফিরে আসবে। বিগত ১৭ বছরে বিএনপির ১ হাজার ৭০০ নেতাকর্মীকে গুম-হত্যা করা হয়েছে। কেউ স্বামীহারা হয়েছেন, কেউ সন্তানহারা হয়েছেন, কেউ ভাই হারা হয়েছেন। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যায় পাবনার চাটমোহরে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা পাঁচ-ছয় ভাগ ভোট পায়, তারা নাকি ক্ষমতায় যাবে। একটি দল পাগল হয়ে প্রলাপ বকছে। তারা বেহেস্তের টিকিট বিক্রির নামে মিথ্যাচার করে ভোট চাইছে। বিএনপির জন্য ১২ ফেব্রুয়ারি নির্বাচন একটি যুগান্তকারী নির্বাচন। যে নির্বাচনে ১৭ বছরের দুঃখ-কষ্টের প্রতিফলন ঘটবে। বিজয় আমাদের হবেই। আপনারা আগামী দুই দিন আমাকে দিন, আমি আগামী পাঁচ বছর আপনাদের হয়ে কাজ করব।

চাটমোহর ঐতিহাসিক বালুচর মাঠে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বকুল, ভাঙ্গুরা উপজেলা বিএনপির আহ্বয়ক নূর মুজাহিদ স্বপন, চাটমোহর পৌর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির নেতা অধ্যক্ষ আবদুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুল আলম, আবুল কালাম আজাদ, রবিউল করিম তারেক, আবু হানিফ, সিরাজুল ইসলাম, গিয়াস উদ্দিন, আরজ খান প্রমুখ।

এর আগে দুপুরের পর থেকে উপজেলার ১১টি ইউনিয়ন এবং পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে বালুচর মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...