আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইফতার মাহফিলে শপথ

রাজশাহীতে সংগঠন গোছাতে তৎপর আ.লীগ নেতারা

মঈন উদ্দিন, রাজশাহী

রাজশাহীতে সংগঠন গোছাতে তৎপর আ.লীগ নেতারা

রমজান উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে শপথ নিয়ে রাজশাহীতে আবারও আন্দোলনে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মহানগরীর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

গত মঙ্গলবার অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে আওয়ামী লীগের রাজশাহী মহানগর ও জেলা শাখার কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপস্থিত নেতাকর্মীরা সম্মিলিতভাবে শপথবাণী পাঠ করছেন।

শপথে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা এবং রাজশাহীর সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ কারাবন্দি অন্য নেতাদের মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। অনুষ্ঠান শেষে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দিতে শোনা যায়।

পটপরিবর্তনের পর সক্রিয়তার চেষ্টা

রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘদিন আড়ালে থাকা আওয়ামী লীগের বেশ কজন নেতা রাজশাহীতে সংগঠনকে আবারও সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিশেষ করে মহানগর আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ সহযোগীরা সম্প্রতি মাঠ পর্যায়ে যোগাযোগ বাড়িয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, রাজশাহী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শামসুজ্জামান আওয়াল সম্প্রতি জামিনে মুক্ত হয়ে আবারও সক্রিয় হয়েছেন। ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও বর্তমানে তারা জামিনে রয়েছেন।

দলীয় সূত্রগুলো জানিয়েছে, জামিনে বেরিয়ে আসার পর থেকেই তারা রাজশাহী জেলা ও মহানগরে আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগ পুনর্গঠনের চেষ্টা করছেন। একইসঙ্গে দেশের বাইরে অবস্থানরত কয়েকজন শীর্ষ নেতার সঙ্গেও তারা নিয়মিত যোগাযোগ রাখছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগর আওয়ামী লীগের কয়েকজন পলাতক নেতা রাজশাহীতে ফিরে এসে সংগঠনের কর্মকাণ্ড পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক ও কবি আরিফুল হক কুমার, মুক্তিযোদ্ধা লীগের সভাপতি আলী কামাল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, তথ্য ও গবেষণা সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, প্রচার সম্পাদক দিলীপ ঘোষ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমর শরীফ রাজীব, সংস্কৃতিবিষয়ক সম্পাদক কামারুল্লাহ সরকার কামাল এবং স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. ফ ম আ জাহিদ।

এছাড়াও মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আখতার নাহান, নগরীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি লিটন, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ইদ্রিস আলী এবং ৭ নম্বর ওয়ার্ড সভাপতি রাইতুল ইসলাম তরুণসহ আরো কয়েকজন স্থানীয় নেতার নাম আলোচনায় রয়েছে।

স্থানীয় সূত্র আরো জানায়, আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু গণমাধ্যমকর্মীও সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির বিভিন্ন কর্মসূচির প্রচার চালাচ্ছেন। একইসঙ্গে কয়েকজন নেতাকর্মী প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে পুনর্বাসনের চেষ্টা করছেন বলেও অভিযোগ রয়েছে।

গোপন বৈঠক ও সাংগঠনিক পরিকল্পনা

রাজশাহী মহানগর আওয়ামী লীগের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সম্প্রতি নগরীর বিভিন্ন এলাকায় ছোট পরিসরে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে পুরোনো নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপন, সম্ভাব্য কর্মসূচি ও সাংগঠনিক পুনর্বিন্যাস নিয়ে আলোচনা হয়েছে। পরিস্থিতি অনুকূলে এলে ধীরে ধীরে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার পরিকল্পনাও রয়েছে। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের কয়েকজন সাবেক কাউন্সিলর, যারা দীর্ঘদিন নগরীর বাইরে অবস্থান করছেন, তারাও ফিরে আসার চেষ্টা করছেন বলে জানা গেছে।

রাজশাহীর রাজনৈতিক বিশ্লেষক আনোয়ার হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নামে প্রকাশ্যে ব্যানার টানিয়ে ইফতার মাহফিল করা এবং শপথবাক্য পাঠ আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য স্পষ্ট চ্যালেঞ্জ। তার মতে, এ ধরনের ঘটনা রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। তাই বিষয়টি দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি।

এ বিষয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শামসুজ্জামান আওয়ালের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, ঘটনাটি আমরা গুরুত্বসহকারে দেখছি। কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...