নাটোরের লালপুরে গ্রিন ভ্যালি পার্কে দুই বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আকাশ (২৩)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার লালপুর বাজার এলাকা থেকে লালপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে লালপুর উপজেলার লালচানপাড়া এলাকায় অবস্থিত গ্রিন ভ্যালি পার্কে কথিত টিকটকার মোহাম্মদ সাধুর উদ্যোগে “টিকটক বন্ধু মিলন মেলা–২০২৬” শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রায় ১০০ থেকে ১২০ জন নারী-পুরুষ অংশ নেন এবং পার্কের ভাড়া নেওয়া স্থানে অস্থায়ী মঞ্চ স্থাপন করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
একই দিন দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক পার্কে ঘুরতে গেলে ১০ থেকে ১৫ জনের একটি দল তাদের পথরোধ করে। এ সময় তারা বিদেশি নাগরিকদের উদ্দেশে অশালীন মন্তব্য ও কটূক্তি করে এবং ভিডিও ধারণ করে বলে অভিযোগ পাওয়া যায়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আকাশসহ কয়েকজনকে বিদেশি নাগরিকদের সঙ্গে অশোভন আচরণ করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ঘটনার সময় পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান ও অন্যান্য কর্মচারীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিকেল ৫টার দিকে অনুষ্ঠান শেষ হলে অংশগ্রহণকারীরা স্থান ত্যাগ করেন।
পরদিন ৯ মে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। পরে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান বাদী হয়ে লালপুর থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে লালপুর বাজার এলাকা থেকে প্রধান আসামি মো. আকাশকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার সিরোইল কলোনি এলাকার বাসিন্দা।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

