নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধে দুর্ভোগে যাত্রীরা

নওগাঁয় দূরপাল্লার বাস চলাচল বন্ধে দুর্ভোগে যাত্রীরা

বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের জেরে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে আন্ত:জেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। কোনো ঘোষণা ছাড়াই সকাল থেকে এ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

বিজ্ঞাপন

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়ার স্টেশন রোডে মিতালী পাম্প এলাকায় নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি চালকদের বাকবিতণ্ডা হয়। এ সময় তাদেরকে থামাতে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা ছুরিকাঘাতে আহত হয়। এর প্রতিবাদে নওগাঁ থেকে কোন বাস বগুড়ার উপর দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডে দেখা গেছে, বগুড়ার ওপর দিয়ে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া আন্ত:জেলা ও ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঈদের আগে হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় এ পথের যাত্রীদের ভোগান্তি পোহাচ্ছে। অনেক যাত্রীকে কাউন্টারে বাস না পেয়ে অটোরিকশায় উঠে বগুড়ার যাচ্ছেন। তবে ঢাকাগামী কিছু কিছু বাসকে বিকল্প পথ হিসেবে বগুড়ার কাহালুর ভেতর দিয়ে ঢাকাসহ দূরপাল্লার গন্তব্যে ছেড়ে যেতে দেখা গেছে।

বগুড়াগামী মোসলেম উদ্দিন বলেন, জরুরি কাজে বগুড়া যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে দেখি বাস চলাচল বন্ধ। বাধ্য হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় দ্বিগুণ ভাড়ায় বগুড়া যাওয়ার জন্য রওয়ানা দিতে হচ্ছে। যে কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এটি সাধারণ মানুষকে হয়রানি।

নওগাঁ বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের জেরে বগুড়ার উপর দিয়ে অপাতত নওগাঁ থেকে বগুড়া ও ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু বাস বগুড়ার কাহালুর ভিতর দিয়ে বিকল্প পথে চলাচল করছে। আপাতত দুই জেলার সঙ্গে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের জেরে নওগাঁ থেকে বগুড়া-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন