ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলে। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনেকেই ফজরের নামাজ শেষে সরাসরি ভোটকেন্দ্রে হাজির হন।
এদিন দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের শলুয়া ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। ছেলে ও ছেলের বউয়ের কোলে চেপে ভোট দিতে আসেন শতবর্ষী বৃদ্ধা শুনাভান বেগম। তার ছেলে শাহাবুর রহমান জানান, তার মায়ের বয়স ১১৭ বছর। তিনি দাবি করেন, শুনাভান বেগমের জন্ম ১৯১৭ সালের ১০ নভেম্বর। বয়সের ভারে হাঁটার শক্তি হারালেও দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি এখনো ভালো রয়েছে।
শাহাবুর রহমান বলেন, “মায়ের ভোট দেওয়ার খুব ইচ্ছে ছিল। তাই কোলে করে কেন্দ্রে নিয়ে এসেছি। মায়ের ইচ্ছেটা পূরণ করতে পেরে ভালো লাগছে।”
ভোট দিয়ে আবেগাপ্লুত শুনাভান বেগম বলেন, “জীবনের শেষ সময়ে ভোট দিতে পেরে ভালো লাগছে। হয়তো আর কোনো দিন ভোট দিতে পারব না, তাই এসেছি।”
শুধু শুনাভান বেগমই নন, বিভিন্ন কেন্দ্রে আরও কয়েকজন প্রবীণ নারী-পুরুষকে ভোট দিতে দেখা গেছে। মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সাবু নামের এক বৃদ্ধ জানান, “অনেক বছর ভোট দিতে পারিনি। জীবনের শেষ সময় ভেবে এবার ভোরেই নাতির হাত ধরে ভোট দিতে এসেছি।”
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

