ধুনটে তিন প্রতিষ্ঠানের ৪৬ শিক্ষার্থীর সবাই ফেল

ধুনটে তিন প্রতিষ্ঠানের ৪৬ শিক্ষার্থীর সবাই ফেল
ছবি: আমার দেশ

বগুড়ার ধুনট উপজেলায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এবার দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। সোমবার প্রকাশিত হয়েছে এবারের দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল। প্রকাশিত ফলাফলে উঠে এসেছে এমন চিত্র।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার রাঙ্গামাটি বালিকা দাখিল মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নেয় ১৪ জন শিক্ষার্থী। তবে তাদের একজনও উত্তীর্ণ হতে পারেনি। একই চিত্র হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল বিএম স্কুল অ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৭ জন শিক্ষার্থীর সবাই ফেল করেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, কান্তনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ২৫ জন। তারাও কেউ পাস করতে পারেনি। একসঙ্গে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল করায় উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

শিক্ষকদের দাবি, গ্রামের অনেক শিক্ষার্থী পড়াশোনায় অনাগ্রহী। পাশাপাশি বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থাকায় তাদের শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। এ কারণে পরীক্ষায় ফলাফল বিপর্যয় হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী এ তথ্য নিশ্চিত করে বলেন, তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভোকেশনাল ও দাখিল পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...