বগুড়ার শেরপুরে পৌরশহরের হাটখোলা এলাকায় অবস্থিত গ্যানেন গোপাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও পাশাপাশি পচাবাসি খাদ্যপণ্য রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি দল হোটেলটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করে।
জেলা প্রশাসক, বগুড়ার সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্যানেন গোপাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেলের রান্নাঘরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা-বাসি খাদ্যপণ্য সংরক্ষণের বিষয়টি দেখতে পান কর্মকর্তারা। এ ছাড়া খাবার প্রস্তুতের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ না করার প্রমাণ পাওয়া যায়।
এসব অনিয়ম ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কার্যক্রমের দায়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা হোটেল কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকারী সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

