পাবনার ঈশ্বরদীতে দুই কলেজ শিক্ষার্থী অপহরণের পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে অপহরণ চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। অভিযানে ব্যবহৃত চারটি মোটরসাইকেল ও একাধিক মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলার পিয়ারপুর এলাকার ব্যবসায়ী মো. রফিকুল ইসলামের ছেলে মো. মাজহারুল ইসলাম প্রান্ত (১৯) এবং তার বন্ধু মো. তানভীর হোসেন তন্ময় (১৮) মঙ্গলবার বিকেলে পাবনা শহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পরে রাত সাড়ে ৯টার দিকে অপহরণকারীরা প্রান্তের ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এ সময় তারা দুই তরুণকে একটি মেয়েসহ আটক রাখার কথা জানিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পাশাপাশি তাদের মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয়।
ঘটনাটি জানার পরই পাবনা জেলা ডিবি পুলিশ অভিযান শুরু করে। পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনুর রহমানের তত্ত্বাবধানে এবং ওসি ডিবি মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই বেনু রায় পিপিএম, এসআই মো. জাকারিয়া মাসুদ ও এসআই মো. মহিদুল ইসলামের সমন্বয়ে একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মঙ্গলবার রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের গোপালপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে অপহৃত দুই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রনি শেখ (২৫), মো. জাহিদ ইসলাম হাতেম (২৫), মো. শান্ত মিয়া (২৪), মো. রাহাত আলী (২০), মো. সেজান হোসেন (২৫), মো. সাজ্জাদ হোসেন (২০), মো. সোহেল রানা (৪০) ও মো. রিফাত হোসেন (১৯)।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া দুই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় পাবনা সদর থানায় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানিয়েছেন, অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

