বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এখন সকাল-বিকেল সংস্কার সংস্কারের জারি গান শুনছি। আমরা বেগম খালেদা জিয়ার মতো মাথানত করতে শিখিনি। আমরা একটি অবাধ নির্বাচনের জন্য অপেক্ষা করছি।
বুধবার বিকেলে লালমনিরহাট শহরের রেলওয়ে মুক্ত মঞ্চে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে এর আয়োজন করে জেলা বিএনপি।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, আপনারা নিরপেক্ষতা হারিয়েছেন। আপনারা জনগণের নির্বাচিত নন, এরপরও এ সরকার ব্যর্থ হোক আমরা চাই না। অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। অনন্তকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না।
তিনি বলেন, সংস্কারের পেছনে এ সরকারের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা খতিয়ে দেখা প্রয়োজন। তবে উদ্দেশ্য যাই হোক, অন্তর্বর্তী সরকারের উচিত; কালবিলম্ব না করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সময়মতো নির্বাচন দেওয়া।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

