নওগাঁর পোরশায় পৈতৃক সূত্রে পাওয়া বসতবাড়ি থেকে নির্যাতনপূর্বক উচ্ছেদের অভিযোগ তুলে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী বড় ভাই। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার সারাইগাছী বাজারের একটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে আপন ছোট ভাই মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী সাদেকুল ইসলাম। তারা দুই ভাই উপজেলার পোরশা সদরের নওপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর বড় ভাই সাদেকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, তার পৈতৃক সূত্রে পাওয়া নওপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে নির্মিত বসতবাড়িতে তিনি সপরিবারে বসবাস করে আসছিলেন। কিন্তু তার আপন ছোট ভাই মঞ্জুরুল ইসলাম জোরপূর্বক বাড়িটি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তাকে হুমকি-ধমকি এবং একপর্যায়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, তার ভাই দুর্দান্ত ও হিংস্র প্রকৃতির হওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউপি চেয়ারম্যান অনেকবার সালিশ বৈঠক করার পরও মীমাংসা করে দিতে পারেননি। কোথাও বিচার চাইতে গেলে তাকে উল্টো বিভিন্নভাবে ভয়ভীতি দেখান তার ছোট ভাই। এ অবস্থায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে বর্তমানে তিনি পরিবার নিয়ে শ্বশুরবাড়িতে মানবেতর জীবনযাপন করছেন বলেও জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাদেকুল ইসলাম প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার বসতবাড়িতে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাদেকুল ইসলামের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ছোট ভাই মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমি আমার বড় ভাইকে বলেছিলাম, তুমি আমার দখলকৃত বাড়িতে আসো, আর আমি তোমার দখলকৃত বাড়িতে যাই। কিন্তু তিনি শুনছেন না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

