চাঁপাইনবাবগঞ্জে আদালতের এজলাসে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করার অভিযোগ এনে একজন যুগ্ম ও দায়রা জজের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। এসময় ওই বিচারককে অপসারণের দাবি জানিয়ে এজলাস কক্ষ ভাঙচুর করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন ও জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম জানান, রোববার দুপুরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা আওয়ামীলীগ সরকারের আমলে দায়ের হওয়া একটি মামলায় হাজিরা দিতে যান যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে। এসময় বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন আদালতের বিচারক মো. উজ্জল হোসেন। পরে আদালত থেকে বের হয়ে বিক্ষোভ করে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ওই বিচারককে প্রত্যাহারের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দেন তারা।
নেতাকর্মীদের পক্ষের আইনজীবী রফিকুল ইসলাম টিপু বলেন, আদালত থেকে বের হওয়ার পর বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
তবে এসব বিষয় নিয়ে আদালত সংশ্লিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

