পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার বিভিন্ন গ্রামে অসহায় ও দুস্থ শতাধিক পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার সরেরহাট গ্রামে স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশন প্রতি বছর ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে সারা দেশে উপহারসামগ্রী বিতরণ করে। এবারের ঈদ উপহার প্যাকেজে ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি আলু, ১ কেজি আটা, সয়াবিন তেল, কালাইয়ের ডাউল, গুঁড়া দুধ, বিভিন্ন প্রকারের সেমাই দেওয়া হয়েছে।
সরেরহাট গ্রামের স্বামীহারা সেলিনা বেগম বলেন, ‘প্রতি বছরের মতো এ বছরও ফাউন্ডেশন থেকে ঈদ উপহারসামগ্রী পেয়েছি। উপহারগুলো পেয়ে অনেক খুশি লাগছে। দোয়া করি তারা মানুষের কল্যাণে এভাবে কাজ করুক।’
স্কুল ফর হিউম্যানিটি ফাউন্ডেশনের সেক্রেটারি আল-শাহরিয়ার রোকন বলেন, ‘ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি যাতে ঈদের প্রয়োজনীয় বাজার অসহায়দের মধ্যে পৌঁছে দেওয়া যায়। সমাজের যারা বিত্তবান রয়েছেন, তাদের প্রতি অনুরোধ, আসুন ঈদের আনন্দ ধনী-গরিব সবার মাঝে ভাগ করে নিই।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

