সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে মারুফ বিন হাবিব তালুকদার নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আকরামকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর লাশ বাড়ির আঙিনায় পড়ে ছিল। এ সময় অভিযুক্ত মারুফ নিজ শয়নকক্ষে অবস্থান করছিলেন বলে জানা গেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গ্রেপ্তার মারুফ বিন হাবিব উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্টা (খোশালপুর) গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে আকরামকে হত্যা করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন