সুগন্ধি চাল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে নওগাঁর দুটি রাইস মিলকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৩ আগস্ট) দুপুরে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুবেল আহমেদ।
জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেড এবং টিকে এগ্রো ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে বেলকন কোম্পানি প্রাইভেট লিমিটেডকে ২০ হাজার এবং টিকে এগ্রো ইন্ডাস্ট্রিজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, “অভিযোগ ছিল—প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে সুগন্ধি চাল অবৈধভাবে মজুত রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, সম্প্রতি বাজারে সুগন্ধি চালের দাম কেজিপ্রতি ২০০ টাকা ছাড়িয়ে গেছে, যা অস্বাভাবিক। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের বিপণন কর্মকর্তা সোহাগ সরকার, পুলিশ সদস্য এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

