মাছ ব্যবসায়ীর কাছে চাঁদাবাজি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৪

মাছ ব্যবসায়ীর কাছে চাঁদাবাজি, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৪

নাটোরের বড়াইগ্রামে মাছ ব্যবসায়ীকে জিম্মি করে ৩ লাখ ৬০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার চৌমুহন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চৌমুহন গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে বিএনপি নেতা মো. রুবেল হোসেন ওরফে ফ্রান্স রুবেল (৪০), দেলোয়ার হোসেনের ছেলে হারুন অর রশিদ (৩২), চরগোবিন্দপুর গ্রামের জিয়াউদ্দিন আহমেদের ছেলে সাগর আহম্মেদ ওরফে সোহান হোসেন (২৮) ও সোহাগ হোসেন (৩০)।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট মাছ ব্যবসায়ী আনিছুর রহমানকে মাছ বিক্রির কথা বলে চৌমুহন গ্রামে ডেকে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা। সেখানে আগে থেকে অবস্থান করা অন্য আসামিদের সহায়তায় তাকে একটি বাড়িতে নিয়ে জিম্মি করা হয়। পরে সেখানে তাকে মারধর করে প্রতি মাসে ৫০ হাজার টাকা এবং তাৎক্ষণিকভাবে সাত লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

একপর্যায়ে আসামিরা মাছ ব্যবসায়ী আনিছুর রহমানের কাছ থেকে জোরপূর্বক নগদ ৩ লাখ ৬০ হাজার টাকা চাঁদা আদায় করেন। পরে তিনি সেখান থেকে ছাড়া পেয়ে থানায় মামলা করেন।

মামলায় মুল অভিযুক্ত হিসেবে মুল অভিযুক্ত জোনাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা সাব্বাব হক সাবুর নাম উল্লেখ করা হয়েছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন