দুই জেলার চালক-শ্রমিকের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী আন্তজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে কোনো বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
সরেজমিনে দেখা গেছে, যাত্রীদের অনেকেই বাস না পেয়ে অটোরিকশা কিংবা ভ্যান যোগে শহর থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরের হাতনাবাদ পর্যন্ত যেতে বাধ্য হচ্ছেন, সেখান থেকে রাজশাহীগামী বাসে উঠছেন। এতে করে যাত্রার সময় যেমন বাড়ছে, তেমনি গুণতে হচ্ছে বাড়তি ভাড়াও। তবে বিআরটিসির বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
জানা গেছে, গত শনিবার রাজশাহীর গোদাগাড়ী এলাকায় দুই জেলার বাসচালক ও শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। অভিযোগ রয়েছে, রাজশাহীর চালকরা চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধর করলে পাল্টা প্রতিক্রিয়ায় চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরাও রাজশাহীর এক চালককে মারধর করেন। এরপর থেকেই দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের কামাল বলেন, ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমাদের চালকরা বাস চালাতে চাচ্ছেন না। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আজ নাও হলেও আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা করছি।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, গতকাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে। আজ রাজশাহীর সমিতির সঙ্গে বৈঠকের কথা থাকলেও তা হয়নি। আশা করছি দ্রুতই একটি সমাধানে পৌঁছানো যাবে।
সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে স্থানীয় যাত্রীরা বলেন, অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির দ্রুত নিষ্পত্তি না হলে যাত্রী দুর্ভোগ আরও বাড়বে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

