বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রাম থেকে আবু বকর সিদ্দিক (১০) নামের এক মাদরাসাছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো সন্ধান মেলেনি। সন্তানকে হারিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন স্বজনেরা।
নিখোঁজ আবু বকর সিদ্দিক সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রামের রায়হান হোসেনের ছেলে। সে স্থানীয় ছাতনী দারুল উলুম হাফিজিয়া ও নূরানী মাদরাসার ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন মাদরাসা বন্ধ থাকায় আবু বকর বাড়িতেই ছিল। সকালে ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও দুষ্টুমি হয়। এ সময় মা তাকে বকাঝকা করেন। এর কিছুক্ষণ পর সকাল আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
শিশুটির বাবা রায়হান হোসেন জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। বিকেলে বাড়িতে ফিরে ছেলের নিখোঁজ হওয়ার খবর পান। এরপর থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্ধান পাওয়া গেলে শিশুটির বাবা রায়হান হোসেনের মোবাইল নম্বরে (০১৩২৮-৩৯৫৬৮৫) যোগাযোগ করার জন্য জানিয়েছে পরিবার।
এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, বিষয়টি আমার জানা নেই। এ ব্যাপারে থানায় এখনো কোনো লিখিত জিডি বা অভিযোগ করা হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

