রাজশাহীতে পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আরডিএ সূত্র জানায়, কিছু পুরোনো মালামাল বিক্রির জন্য সম্প্রতি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে ছিল শৌচাগারের পুরোনো বিলবোর্ড, আরডিএ পার্কের ২৭টি গাছ, ঢাকা লিয়াজোঁ অফিসের সোলার প্যানেল ও ব্যাটারি, লিফটের ভাঙা যন্ত্রাংশসহ অন্যান্য সামগ্রী। ২৭ এপ্রিল থেকে দরপত্র জমা নেওয়া শুরু হয়, মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ছিল শেষ সময়। একপর্যায়ে ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ধলু পুলিশের সামনে থেকেই টেন্ডার বাক্স নিয়ে অফিসের করিডরে চলে যান। পরে বাক্স খুলে আগের জমা পড়া দরপত্রগুলো বের করে দেখা হয়। কিছু সময় পর বাক্সটি আবার পুলিশের কাছে ফেরত দেওয়া হয়। বেলা আড়াইটার দিকে তা খোলা হয়। এতে ৪টি গ্রুপে মোট ৯টি দরপত্র পাওয়া যায়।
নগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি বলেন, এই ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত কি না তা আমরা খতিয়ে দেখছি।
আরডিএর সহকারী প্রকৌশলী কাজী আসাদুজ্জামান বলেন, পুলিশের সামনেই টেন্ডার বাক্স নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শাহ মখদুম থানার ওসি কবির হোসেন বলেন, তারা ভুল বোঝাবুঝির কারণে বাক্স নিয়ে গিয়েছিল। পরে ফেরত দিয়েছে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

