মাদক সেবনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ লেফটেন্যান্ট সেলিম হলের চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মাদকবিরোধী অভিযানের পর তদন্ত ও প্রতিবেদন পর্যালোচনা করে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে চার শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার এবং তাদের বরাদ্দকৃত সিট বাতিলের কথা উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা সবাই ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন ২১ সিরিজ এবং দুজন ২২ সিরিজের শিক্ষার্থী।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাতে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে মাদকবিরোধী তল্লাশি অভিযান চালায় ছাত্রকল্যাণ দপ্তর। অভিযানকালে একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থীর গাঁজা সেবনের অভিযোগ পাওয়া যায়। পরে কক্ষ পরিদর্শনে গাঁজা সেবনের দৃশ্যমান আলামত না পাওয়া গেলেও গাঁজার তীব্র গন্ধ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
ঘটনার পর হলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শনাক্ত করা হয়। পরে তাদের ছাত্রকল্যাণ দপ্তরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।
প্রাথমিকভাবে ছয়জন শিক্ষার্থীর সম্পৃক্ততা পাওয়া গেছে বলে আগের প্রতিবেদনে জানা গেলেও পরবর্তী তদন্ত ও প্রতিবেদনের ভিত্তিতে চার শিক্ষার্থীর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটিতেও পাঠানো হয়েছে। ফলে সিট বাতিলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী আরো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

