সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি খাস পুকুরে মাছ মারাকে কেন্দ্র কওে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে দুই বৃদ্ধ নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আব্দুস সালাম ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইসমাইল হোসেনের মৃত্যু হয়। এর আগে আজ সকালে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতেরা হলের, গোয়ালপাড়া গ্রামে মৃত মমছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৭০) ও একই গ্রামের ময়দান আলীর ছেলে আব্দুস সালাম (৬০)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, রায়গঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামে সরকারি পাঁচ বিঘা খাস পুকুর নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সমর্থিত আছমত আলী ও ধামাইনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের মধ্যে ১৫-১৬ বছর ধরে বিরোধ চলে আসছিলো।
আওয়ামীলীগ সমর্থিত আছমত আলী পুকুরটি গোয়ালপাড়া মসজিদের নামে লিজ নিয়ে চাষাবাদ করে আসছিল। ২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর পুকুরটি বিএনপি নেতা আবুবক্কর সিদ্দিক ৩ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলো। আজ সকাল সাড়ে ৭টার দিকে বিএনপি নেতা আবুবকর সিদ্দিক তার লোকজন নিয়ে মাছ মারার জন্য পুকুরে জাল ফেলে। এসময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সমর্থিত আছমত আলী তার লোকজন নিয়ে মাছ মারতে বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে চলাকলে উভয়পক্ষ ধারালো অস্ত্র, হাসুয়া, দা, লাঠি সোটা নিয়ে একে অপরের উপর আক্রমণ করে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। এসময় ৯৯৯ এর কল পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি ঘটনা নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও সিরাজগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ইসমাইল হোসেন ও আব্দুস সালামের মৃত্যু হয়। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

