বগুড়ার শেরপুরে ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের খানপুর ইউনিয়নের শুভগাছা (শাফলজানি) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌর শহরের উলিপুর এলাকার হারুন অর রশিদের ছেলে আবু রায়হান (২০) এবং শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা এলাকার তামিম (২০)। তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
আহতরা হলেন- রাজন, সিয়াম, হাসান ও ছামির। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দে কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথে শুভগাছা এলাকার শাফলজানি মোড়ে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে তিনটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবু রায়হান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তামিমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও নিহতদের বাড়িতে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

