বগুড়ার ধুনট উপজেলায় ঈদে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হৃদয় রহমান (১৭) নামের এক স্কুলছাত্র।
মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে ওই স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হৃদয় রহমান উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বানিয়াজান-চল্লিশপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে স্থানীয় একটি কারিগরি স্কুলের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত হৃদয় রহমান বেশ কিছুদিন ধরে বাবার কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বায়না ধরে। বাবা মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় সে অভিমানে পরিবারের লোকজনের অজান্তে নিজ ঘরে তিরের সঙ্গে প্যান্টের বেল্ট আটকে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত স্কুলছাত্রের বাবা জানান, ‘আমার ছেলে কয়েক দিন আগ থেকে মোটরসাইকেল কেনার জন্য বায়না ধরে। আমি বলছি বাবা হাতে টাকা নাই, টাকা হলে নতুন মোটরসাইকেল কিনে দেব। মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় সে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করল।’
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

