আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজশাহী-৫ আসনে ৫ জনের জামানত বাজেয়াপ্ত

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহী-৫ আসনে ৫ জনের জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাত প্রার্থীর মধ্যে পাঁচজনই জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট অর্জনে ব্যর্থ হলে তার জামানত বাজেয়াপ্ত হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ভোট গণনা শেষে ১৩৫টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার এবং দুর্গাপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসতুরা আমিনা পৃথকভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফল অনুযায়ী, রাজশাহী-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ১৭৭ জন। এর মধ্যে ১৩২টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ১ লাখ ৮৬ হাজার ৬৭৫টি।

ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৩৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭২ হাজার ৫১২ ভোট।

নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট অর্জনে ব্যর্থ হওয়ায় পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারানো প্রার্থীরা হলেন—ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম (৬ হাজার ৩৮৫ ভোট), ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি ইসফা খায়রুল হক শিমুল (২ হাজার ৪৭৪ ভোট), মোটরসাইকেল প্রতীকের অ্যাডভোকেট রায়হান কায়সার (৪৩৮ ভোট), একতারা প্রতীকের বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী মো. আলতাফ হোসেন মোল্লা (৯২৯ ভোট) এবং হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রুহুল আমিন (৬১০ ভোট)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন