ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ২

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ২

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান (৪০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। সোমবার সকালে উপজেলার রূপপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আতিকুর রহমান উপজেলার চক আল্লাদি গ্রামের মোবারক হোসেনের ছেলে।

আহতরা হলেন, আল্লাদি গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে নাসিম উদ্দিন (৪২) এবং আটঘরিয়া উপজেলার নুরুজ্জামানের ছেলে সেলিম (৪২)।

পরিবার জানান, আতিকুরসহ তিনজন একটি করিমন গাড়িতে করে দাশুড়িয়া থেকে মাছ নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে রূপপুর মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের বহনকারী করিমনকে ধাক্কা দেয়। এতে তিনজনই গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।

পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন