বগুড়ায় জমি কেনা-বেচার কমিশনের টাকা ভাগবাটোয়ারা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। সংঘর্ষের জের ধরে ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পর বগুড়া শহরতলীর বেতগাড়ী এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। বাগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েদুল ইসলাম সায়েদ ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক তোফাজ্জল হোসেন গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়।
বিএনপি নেতা তোফাজ্জল হোসেন জানান, সম্প্রতি এলাকায় নর্দান হ্যাচারি নামের একটি প্রতিষ্ঠানের ৪২ বিঘা জমি কেনাবেচা হয়। ১০৮ কোটি টাকায় জমিটি অন্য একটি প্রতিষ্ঠান কেনার উদ্দেশ্য চুক্তিবদ্ধ হয়। জমি কেনাবেচায় তোফাজ্জল হোসেন এবং বিএনপি নেতা সায়েদুল ইসলাম সায়েদ ছাড়াও আরো কয়েকজন বিএনপি নেতা মধ্যস্ততা করেন।
জানা গেছে, জমি কেনাবেচা বাবদ ১৩ কোটি টাকা কমিশনের মধ্যে তোফাজ্জল হোসেনের ভাগে ৩ কোটি টাকা। সায়েদুল ইসলাম সায়েদ তোফাজ্জল হোসেনকে কমিশনের একটি টাকা না দিয়ে তালবাহান করতে থাকে। এ নিয়ে গত কয়েক দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। তোফাজ্জল হোসেন গত কয়েক দিন ধরে সায়েদুল ইসলাম সায়েদকে চাঁদাবাজ উল্লেখ করে একের পর এক ফেসবুকে পোস্ট করে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তোফাজ্জল হোসেন বলেন, বাড়ি ঘর ভাঙচুরের পর সায়েদের লোকজন আরাফাত হোসেন (২২) নামের আমার সমর্থককে ছুরিকাঘাত করে।
সায়েদুল ইসলাম সায়েদ বলেন, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ৪০-৫০ জন আমার বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় তারা আমার বাবা-মাকে মারধর ছাড়াও গ্যারেজে রাখা ১০-১২টি মটরসাইকেল ভাঙচুর করে। এ কারণে সন্ধ্যার পর তোফাজ্জলের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
তোফাজ্জল হোসেনের স্ত্রী স্কুলশিক্ষক হোসনে আরা বেগম বলেন, সায়েদ আমার আপন বড় ভাই। জমি বিক্রির কমিশনের ৩ কোটি টাকা আমার স্বামীকে না দিয়ে তালবাহানা শুরু করে। টাকা চাওয়াকে কেন্দ্র করে আমার বাড়িতে হামলা করে ভাংচুর এবং ঘরে মেয়ের বিয়ের জন্য রাখা নগদ ৫ লাখ টাকা ও ৬ ভরি সোনার গয়না লুট করে নিয়ে যায়। এ সময় উত্তেজিত জনতা তাদের ধাওয়া করলে মোটরসাইকেল রেখে তারা পালিয়ে যায়।
বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েদুল ইসলাম সায়েদ বলেন, তোফাজ্জল নিজেই চাঁদাবাজ। এলাকায় কেউ জমি কিনলে এবং বিক্রি করলে তোফাজ্জলকে চাঁদা দিতে হয়। তিনি বলেন, নর্দান হ্যাচারির জমি বিক্রিতে তোফাজ্জলের কোনো ভূমিকা নেই। আমি নিজ উদ্যোগে জমি কেনাবেচা করেছি।তোফাজ্জল সেখান থেকে আমার কাছে চাঁদা দাবি করে। এ নিয়েই তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, জমির কমিশন নিয়ে দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সায়েদুল ইসলাম সায়েদ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ছুরিকাঘাতে আহত যুবক হাসপাতালে ভর্তি রয়েছে। তোফাজ্জল হোসেনের পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি। সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

