আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নীলফামারীতে নবনির্বাচিত এমপিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শুভেচ্ছা

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে নবনির্বাচিত এমপিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর শুভেচ্ছা
ছবি: আমার দেশ

সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি জামায়াতের জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারের কাছে প্রায় ৩১ হাজার ভোটের ব্যবধানে হেরে যান।

নির্বাচনের পর দিন শুক্রবার রাতে জমিয়ত মহাসচিব ডোমারে তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি পরাজয় মেনে নিয়ে তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থী জামায়াতের জেলা আমিরকে বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

তিনি তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে তার দায়িত্ব পালনে আল্লাহর কাছে দোয়া করেন। তিনি তার আসনের সব স্তরের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উদ্দেশে বলেন, আশাহত হবেন না, মন খারাপ করবেন না, আমি আপনাদের ছিলাম, আছি এবং থাকব।

আপনারা আগের মতোই আমাকে ভালোবাসবেন, আপনাদের সুখ-দুঃখের কথা বলবেন, আগের মতোই আমার জনসেবা অব্যাহত থাকবে, আমি কখনো হারিয়ে যাব না।

হিন্দু ধর্মালম্বী এবং দল-মতনির্বিশেষে সমর্থনকারী ভাই ও বোনেরা, আমি আছি আপনাদের সঙ্গে। এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে আপনাদের অকৃত্রিম ভালোবাসা, সমর্থন চিরকৃতজ্ঞতার সঙ্গে স্মরণে রাখব। এই ভালোবাসা আগামীর পথচলা মসৃণ ও সফল হোক। তিনি আগামী দিনের সবার সহযোগিতা কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন