দিনাজপুর জেলা পুলিশের বিশেষ অভিযানে একদিনে ৩৫ জন ফ্যাসিস্ট সরকারের দোসরসহ ১০৮ জনকে আটক করা হয়েছে।
শনিবার দিনাজপুর জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হুসাইনের নির্দেশনা ও তত্ত্বাবধানে দিনাজপুর জেলা পুলিশ এ বিশেষ অভিযান চালায়। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ১০৮ জনকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে আওয়ামী লীগের দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, পলিপ্রয়োগপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনারুল ইসলাম, ওয়ার্ড সেক্রেটারি দিলজার রহমান, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিজ মন্ডল, খয়েরবাড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক গোস্ট মোহন চৌধুরী, নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছগির, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক কামরুজ্জামানসহ জেলার বিভিন্ন থানা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মোট ৩৫ জন নেতাকর্মী রয়েছে।
গ্রেপ্তারকৃতরা বর্তমান প্রেক্ষাপটে প্রতিনিয়ত এলাকায় নাশকতা সৃষ্টিসহ জনমনে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করে আসছিল বলে জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া সেল থেকে জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

