সাংবাদিক বাদলকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১

সাংবাদিক বাদলকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ১

সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি করপোরেশনে নিয়ে মারধর এবং প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা এবং মব তৈরি করে হেনস্তা চেষ্টার মামলায় রতন মিয়া (৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত দশটায় রংপুর মহানগরীর শাপলা চত্বর হাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রতন মিয়া নগরীর পূর্ব অভিরাম ডাক্তার পাড়ার সাইফুল ইসলামের পুত্র তিনি।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, রোববার (২১ সেপ্টেম্বর) নগরীর কাচারী বাজার এলাকা থেকে একুশে টেলিভিশন এবং দৈনিক সংবাদ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক লিয়াকত আলী বাদলকে কথিত জুলাইযোদ্ধার পরিচয়ে একদল যুবক ধরে নিয়ে সিটি করপোরেশনের ভেতরে বেধড়ক মারপিট করে। এ সময় তার পরিবেশিত নিউজ ভুল হয়েছে মর্মে প্রধান নির্বাহীর কাছে ক্ষমা চাইতে বাধ্য করার জন্য আটকে রাখে। পরে সাংবাদিকরা গিয়ে তাকে উদ্ধার করার করে।

সিটি করপোরেশনের নতুন ভবনের সামনে সাংবাদিকরা অবস্থান ধর্মঘট শেষে চলে যাওয়ার সময় আবারও কর্মকর্তা কর্মচারীরা মব তৈরি করে। তারা সাংবাদিকদের আটকে রাখে এবং হেনস্তা করে। এ ঘটনায় লিয়াকত আলী বাদল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, ট্রেড লাইসেন্স শাখার প্রধান মিজানুর রহমান মিজু, সাবেক কাউন্সিলর লিটন পারভেজসহ ১৪ জনের নামে মামলা দায়ের করে। ওই মামলার পাঁচ নম্বর আসামি তিনি।

সাংবাদিককে মারধরের ঘটনায় প্রতিবাদে উত্তাল এখন রংপুর। বিভাগজুড়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা।

প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর লিয়াকত আলী বাদলের পাঠানো "রংপুরে জুলাইযোদ্ধার নামে অটোলাইসেন্স, পাঁচ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা "শিরোনামে একটি খবর দৈনিক সংবাদে প্রকাশ করা হয়। ওই সংবাদের জেরে এসব ঘটনা ঘটানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...