হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানিতে কমেছে দাম

হিলি বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানিতে কমেছে দাম

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরুর দুই দিনের মধ্যেই দেশের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ১৬টি ট্রাকে ১০৪ টন কাঁচা মরিচ আমদানি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। এতে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম কমেছে প্রায় ১৩০ টাকা।

বিজ্ঞাপন

কয়েক দিন আগেও ২৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমতে পারে।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) হিলি স্থলবন্দর ও স্থানীয় বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

হিলি বাজারের খুচরা বিক্রেতা মোবারক হোসেনসহ কয়েকজন ব্যবসায়ী জানান, সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় দেশের বিভিন্ন এলাকায় মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কমে যায়। এতে বাজারে সরবরাহ সংকট তৈরি হয়ে দাম বেড়ে যায়। ভারত থেকে আমদানি শুরু হওয়ায় এখন বাজারে সরবরাহ বাড়ছে এবং দাম কমতে শুরু করেছে।

তারা বলেন, “আগে ২৮০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেছি, এখন ১৫০ টাকায় বিক্রি করছি।”

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন জানান, ৭৪ জন আমদানিকারককে মোট ৩৬ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) দেওয়া হয়েছে। এর মধ্যে গত দুই দিনে হিলি স্থলবন্দর দিয়ে ১৬টি ট্রাকে ১০৪ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

বন্দরের একাধিক আমদানিকারক জানান, আমদানিকৃত কাঁচা মরিচ মানভেদে পাইকারি বাজারে প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এসব মরিচ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

তাদের দাবি, আমদানি অব্যাহত থাকলে বাজারে কাঁচা মরিচের দাম আরও কমে আসবে।

উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ভারতীয় কাঁচা মরিচ আমদানি হয়েছিল। দীর্ঘ প্রায় আট মাস বিরতির পর আবারও এ বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন