রংপুরে প্রিপেইড মিটার বাতিল না হলে নেসকোর বিরুদ্ধে গণপ্রতিরোধের হুঁশিয়ারি

রংপুরে প্রিপেইড মিটার বাতিল না হলে নেসকোর বিরুদ্ধে গণপ্রতিরোধের হুঁশিয়ারি

রংপুরে গ্রাহক ভোগান্তির প্রিপেইড মিটার সংযোগ বাতিল করা না হলে নেসকো কর্তৃপক্ষের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে মহানগর নাগরিক কমিটি।

বিজ্ঞাপন

রোববার দুপুরে রংপুর আদালত চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।

তিনি বলেন, গণশুনানি না করেই নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের ভয়-ভীতি দেখিয়ে বেআইনিভাবে প্রিপেইড মিটার স্থাপন করে যাচ্ছে। এ নিয়ে ভুক্তভোগী গ্রাহকদের পক্ষ থেকে আদালতে মামলা করা হলেও জারিকারকদের সঙ্গে যোগসাজশ করে সেই মামলা নিয়েও নেসকো কর্তৃপক্ষ টালবাহানা করছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রিপেইড মিটারের কারণে গ্রাহকদের আগের তুলনায় দ্বিগুণ খরচ হচ্ছে। তাই দ্রুত এ সিদ্ধান্ত বাতিল করা না হলে গ্রাহকদের গণস্বাক্ষর সংগ্রহ করে দাবি আদায়ে ঢাকার জাতীয় প্রেসক্লাবে অবস্থান কর্মসূচিসহ রংপুরে হরতালের মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নাগরিক কমিটির নেতারা।

মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রিপেইড মিটার এই প্রকল্প। গণঅভ্যুত্থান ও নির্বাচনের পরে বিগত সরকারের সব প্রকল্প বাতিল হয়েছে। আর এই যে গ্রাহক শোষণ ও হয়রানির গণবিরোধী প্রকল্প, সেটি কেন বাতিল হচ্ছে না?”

ফ্যাসিস্ট আমলের চলমান প্রকল্পের মাধ্যমে গ্রাহক শোষণ ও হয়রানি বন্ধে এই প্রযুক্তির ব্যবহার বন্ধ করার জন্য সরকারপ্রধানের হস্তক্ষেপ কামনা করা হয় সংবাদ সম্মেলন থেকে।

তিনি আরও বলেন, “ভুক্তভোগীদের গণস্বাক্ষর নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেব। সেখান থেকেও যদি কার্যকর কোনো সুরাহা না পাই, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।”

সংবাদ সম্মেলনে আদালতে মামলা করা গ্রাহকদের পাশাপাশি মহানগর নাগরিক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন