কুড়িগ্রাম সীমান্তে পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার

কুড়িগ্রাম সীমান্তে পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার মাদক উদ্ধার

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর বিশেষ অভিযানে কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং আনুমানিক এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে রামখানা বিওপির আওতাধীন সীমান্তে এই অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, ১৫ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকের চোরাচালান রোধে চলমান গোয়েন্দাভিত্তিক বিশেষ অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি-এর সরাসরি নেতৃত্বে বিশেষ টহল দল রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন স্থানে চেকপয়েন্ট স্থাপন করে।

চেকপয়েন্ট পরিচালনাকালে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে ভারত সীমান্ত থেকে আগত চোরাকারবারিরা তাদের সাথে থাকা পোটলা ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং ১ কেজি সন্দেহজনক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেন। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা (৫,০১,০০,২০০ টাকা)।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি জব্দকৃত ক্রিস্টাল মেথ আইসের সত্যতা ও মান পরীক্ষার জন্য নমুনা গবেষণাগারে (ল্যাব) প্রেরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া এই চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির কার্যক্রম চলমান রয়েছে।

অভিযানের বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। দীর্ঘদিন ধরে এই সীমান্ত এলাকা দিয়ে অস্ত্র ও মাদকের অবৈধ চালান আসার গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আমরা অনুসন্ধান চালিয়ে আসছিলাম এবং তারই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস আসল নাকি নিম্নমানের রাসায়নিকের মিশ্রণ, তা নিশ্চিত হতে ল্যাব পরীক্ষা প্রয়োজন। অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত বিজিবির এমন কঠোর ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন