রংপুরে মাদক কারবারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সিপাহি আল-আমিনের বিরুদ্ধে। মামলা থেকে রেহাই দেওয়া এবং জব্দ করা মাদকের পরিমাণ কম দেখানোর আশ্বাস দিয়ে তিনি ১০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, গত ২৫ জুন দুপুরে রংপুর বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর ইউনিয়নের অভিরামনুরপুর গুচ্ছগ্রামে অভিযান চালায়।
এ সময় চোলাই মদ ব্যবসায়ী ও ভ্যানচালক আবজাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ১০ লিটার চোলাই মদ এবং প্রায় ৬০০ লিটার মদ তৈরির উপকরণ (ওয়াশ) জব্দ করা হয়। পরে আবজাল হোসেনকে আটক করে মিঠাপুকুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (খ) সার্কেল কার্যালয়ে নেওয়া হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযানে অংশ নেওয়া সিপাহি আল-আমিন আটক আবজালের স্বজনদের ভয়ভীতি দেখান। তিনি আবজালের ছেলেদেরও মামলায় আসামি করার হুমকি দেন। পরে মামলা থেকে রেহাই এবং জব্দ করা মাদকের পরিমাণ কম দেখানোর বিনিময়ে ১০ হাজার টাকা দাবি করেন। একপর্যায়ে আবজালের ছেলে আসাদুল ও তাঁর স্বজনরা ওই টাকা দিতে রাজি হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সিপাহি আল-আমিন ‘দুপুরে লাঞ্চ করার’ কথা বলে আগেই পাঁচ হাজার টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করছেন। একই সঙ্গে তাঁর নির্দেশিত এক ব্যক্তি মিঠাপুকুর সার্কেল কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আসাদুলের কাছ থেকে বাকি পাঁচ হাজার টাকা গ্রহণ করছেন।
ভুক্তভোগী আসাদুল অভিযোগ করেন, মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা নেওয়া হয়েছে। তিনি বলেন, মামলা থেকে বাঁচতে এবং আলামত কম দেখানোর আশ্বাসে বিকাশের মাধ্যমে টাকা এনে ওই ব্যক্তির হাতে দেওয়া হয়। পরে ফোন করলে আল-আমিন টাকা পাওয়ার বিষয়টি স্বীকার করেন এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য বলেন।
তবে অভিযোগ অস্বীকার করে সিপাহি আল-আমিন বলেন, আমার অনেক সাংবাদিক আছে। আপনারা নিউজ করেন। আমি এখানে চার বছর ধরে আছি।
এ বিষয়ে রংপুর বিভাগীয় গোয়েন্দা শাখার উপ-পরিচালক দিলারা রহমান বলেন, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত করা হবে। প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

