নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, অনিয়ম দুর্নীতি করবো না, কাউকে করতেও দেয়া হবে না। অনিয়ম দুর্নীতি মুক্ত নীলফামারী-৪ আসন গড়া হবে। উন্নয়নের রোল মডেলে সাজানো হবে কিশোরগঞ্জ-সৈয়দপুরকে।
তিনি সোমবার বিকালে বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী, বরেণ্য সাংবাদিক, কবি-সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
নবাগত সাংসদ আব্দুল মুনতাকিম বলেন, বিগত সাংসদের সময় দেখেছি ডিও লেটার বিক্রি হয়েছে। আমি সবাইকে ডিও লেটার ও সিল দিয়ে দিয়েছি। শুধু স্বাক্ষর করবো আমি। আপনাদের সকলের সহযোগিতা চাই, সহযোগিতা পেলে কিশোরগঞ্জ-সৈয়দপুরকে ঢেলে সাজাবো ইনশাআল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মো. আব্দুর রশিদ শাহ্’র সভাপতিত্বে ও সেক্রেটারি ফেরদৌস আলমের সঞ্চালনায় ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, নীলফামারী জেলা শাখার এলডিপির সভাপতি নুরুল আসলাম বসুনিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়াদী, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি হাফেজ মো. শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রবিউল ইসলাম ও সাব্বির আহমেদ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

