পাটগ্রাম সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

পাটগ্রাম সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনে বিজিবি। তাদের একজন চলতি এসএসসি পরীক্ষার্থী। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভুক্তভোগীরা হলো- পাটগ্রাম সদর ইউনিয়নের রহমতপুর গাটিয়ারভিটা এলাকার মোস্তাক হোসেনের ছেলে রিমন হোসেন (১৬) ও বগুড়া জেলার শেরপুর থানার সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম জবেদ (২০)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

বিজিবি সূত্র জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রধান পিলার ৮২৫ নম্বরের ১ নম্বর সাব-পিলার সংলগ্ন শূন্যরেখার ভারতীয় চা বাগান দেখতে যায় রিমন ও সাজেদুল। এ সময় তারা মোবাইল ফোনে নিজেদের ছবি তুলছিল। সেখানে থেকে তাদের ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যান দেশটির কোচবিহার রাজ্যের মেখলিগঞ্জ ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতি ক্যাম্পের টহল দলের সদস্যরা। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধবলসুতি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোক্তার হোসেন বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে তাদের ফেরত আনে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির ধবলসুতি ক্যাম্পের কমান্ডারের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করে তাদের ফেরত আনা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন