মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

মাদকাসক্ত স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা
ছবি: আমার দেশ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় ফেরদৌসী বেগম (৩০) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন । মাদকাসক্ত স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তিনি বিষপান করেন বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা।

শুক্রবার রাতে উপজেলার হারিয়ারকুঠি ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ফেরদৌসী বেগম ওই এলাকার মো. হাসানুরের স্ত্রী। তাদের সংসারে জান্নাতুল ফেরদৌস (১২) ও ফরহাদ আলী (৭) নামে দুই সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক ও আর্থিক বিরোধ চলছিল।

মাদকাসক্ত স্বামী হাসানুর নিয়মিত ভরণপোষণ দিতেন না স্ত্রী ফেরদৌসীকে। সংসারের ব্যয় নির্বাহের জন্য ফেরদৌসী স্থানীয় একটি কারখানায় কাজ করতেন। সম্প্রতি চাকরি থেকে পাওয়া বেতনের টাকা নিয়ে তাদের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এ নিয়ে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন তিনি। এ সব ঘটনার জেরে শুক্রবার রাতে নিজ বাড়িতে বিষপান করেন ফেরদৌসী।

বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করে। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তাদের দুটি সন্তান থাকা সত্ত্বেও হাসিনুর অন্যত্র একটি বিয়ে করেন এবং দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহমুদ হোসেন বলেন, ঘটনাটি অপমৃত্যু (ইউডি) মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ময়নাতদন্ত শেষে শনিবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...