দিনাজপুরের নবাবগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় আল-আমিন নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার রাতে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাঁঠালপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল-আমিন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামের মো. তোজাম্মেলের ছেলে। তিনি ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাসা থেকে আল-আমিনকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের ৩০ মার্চ নবাবগঞ্জ উপজেলার বারুনী মেলা থেকে মোটরসাইকেলে ফেরার পথে খুন হন রিমন ইসলাম, কিবরিয়া ইসলাম ও সাব্বির রহমান। তারাও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এ ঘটনার পর চলতি বছরের ২৬ আগস্ট নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন রিমন ইসলামের বাবা রবিউল ইসলাম। রবিউলের বাড়ি নবাবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুর গ্রামে। পেশায় তিনি ভ্যানচালক। মামলায় সাবেক এমপি শিবলী সাদিকসহ ৬৪ জনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

