দুই আসামি গ্রেপ্তার

পঞ্চগড়ে প্রেমিকাকে ডেকে নিয়ে ধর্ষণ, ক্ষোভে আত্মহত্যা

পঞ্চগড়ে প্রেমিকাকে ডেকে নিয়ে ধর্ষণ, ক্ষোভে আত্মহত্যা

পঞ্চগড় সদর উপজেলায় নবম শ্রেণিতে পড়া এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভে বিষপানে আত্মহত্যা করেছে ওই স্কুলছাত্রী। সোমবার রাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই স্কুলছাত্রী। মঙ্গলবার লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিকভাবে তার দাফন করা হয়েছে। এদিকে পুলিশ অভিযুক্ত প্রেমিক সোহেল (২৫) ও তার সহযোগী ইজিবাইকচালক রফিকুল ইসলাম বাঘা মন্টুকে আটক করে। বুধবার পঞ্চগড় জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠায়। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, স্কুলে যাতায়াতের পথে ওই স্কুলছাত্রীকে বিরক্ত করত সোহেল। একসময় ফুসলিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সে। গত ১০ সেপ্টেম্বর রাতে একইভাবে ফুসলিয়ে তাকে বাড়ি থেকে রফিকুলের ইজিবাইকে তুলে নিয়ে যায় সোহেল। পরে তাকে রাজমহল পূর্ববাগান এলাকার আবু সায়েদের বাড়িতে নিয়ে তাদের সহযোগিতায় ধর্ষণ করে। বিষয়টি গোপন রাখার হুমকি দিয়ে সে রাত ২টায় মডেলহাটগামী একটি ইজিবাইকে তুলে দেয় ওই স্কুলছাত্রীকে। তাকে একা পেয়ে ওই অজ্ঞাত ইজিবাইকচালক ও দুই যাত্রী তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ সময় অটো থেকে লাফিয়ে নেমে স্থানীয় এক টলচালকের সহযোগিতায় রক্ষা পায় সে। পরে বাড়িতে ফোন করে বিষয়টি জানালে তার ভাই এসে বাড়িতে নিয়ে যায়। প্রেমিক ডেকে নিয়ে ধর্ষণ করার রাগে ও ক্ষোভে পরদিন সকালে বিষপান করে ওই স্কুলছাত্রী। তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে মারা যায় সে। পরে পঞ্চগড় সদর থানায় সোহেলসহ তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন ওই স্কুলছাত্রীর বড় ভাই।

বিজ্ঞাপন

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, ‘স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। এরই মধ্যে মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল্লাহ বলেন, ‘বিষপান করায় ওই স্কুলছাত্রীকে হাসপাতালে আনা হয়। পরে আমরা জানতে পারি, তাকে ধর্ষণ করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন