আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গণনার পর সেই জামায়াত নেতার ব্যাগে মিললো ৭৪ লাখ টাকা

সৈয়দপুর ও নীলফামারী জেলা প্রতিনিধি

গণনার পর সেই জামায়াত নেতার ব্যাগে মিললো ৭৪ লাখ টাকা
ছবি: সংগৃহীত

সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার মোহসীন (প্রশাসন) এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছিলেন, ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান ঢাকা থেকে বিপুল অংকের টাকা নিয়ে রওনা করেছেন - এই গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে দেখা যায়, ব্যাগে কত টাকা রয়েছে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তবে ব্যাগে ৫০ লাখ টাকার বেশি রয়েছে বলে উল্লেখ করেছিলেন তিনি।

জামাত নেতা বেলাল উদ্দিন প্রধান বলেন, তার কাছে পাওয়া ৭৪ লাখ টাকা নির্বাচনে খরচ করার জন্য নয়। এটা তার ব্যবসার টাকা। জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাতেই একটি চক্র কাজ করে যাচ্ছে। আমি কোন ধরনের মানুষ তা প্রমাণ করতে ঠাকুরগাঁও গেলেই খোলাসা হয়ে যাবে।

এদিকে, বিমানবন্দর থেকে আটকের পর নিজেকে অসুস্থ দাবি করলে জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, টাকার উৎস ও বহনের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

নির্বাচনকে সামনে রেখে এই অর্থ ভোটের মাঠে ব্যবহারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল কি না, সে বিষয়টিও তদন্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, বেলাল উদ্দিন প্রধানের বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকায়।

সালন্দর ডিগ্রি কলেজে শিক্ষকতা করার পাশাপাশি নিজেকে গার্মেন্টস ব্যবসায়ী বলে দাবি করেন বেলাল উদ্দিন প্রধান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন