অর্থাভাবে বন্ধ কুড়িগ্রামের ঐতিহ্যবাহী আদিনা মসজিদের নির্মাণকাজ

অর্থাভাবে বন্ধ কুড়িগ্রামের ঐতিহ্যবাহী আদিনা মসজিদের নির্মাণকাজ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অর্থ সংকটে বন্ধ হয়ে গেছে প্রায় ১৪০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দেওয়ানের খামার আদিনা জামে মসজিদের নির্মাণকাজ। নতুন দ্বিতল মসজিদ ভবনের পিলার নির্মাণের কাজ শেষ হলেও অর্থের অভাবে দেয়াল নির্মাণ ও ছাদ ঢালাই করা সম্ভব হচ্ছে না। ফলে নির্মাণাধীন ভবনের পাশেই টিনের ছাউনির ঘরে চট বিছিয়ে নামাজ আদায় করছেন মুসল্লিরা। বৃষ্টির সময় চালের ছিদ্র দিয়ে পানি পড়ে এবং রোদে ঘরটি প্রচণ্ড গরম হয়ে ওঠে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মুসল্লিদের।

উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে অবস্থিত মসজিদটি স্থানীয়দের কাছে দীর্ঘদিনের ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ১৮৮৭ সালে খলিল ব্যাপারী খড়, বাঁশ ও পাটখড়ি দিয়ে মসজিদটি নির্মাণ করেন। সে হিসাবে মসজিদটির বয়স প্রায় ১৪০ বছর। পরে কাঠ ও টিন দিয়ে মসজিদটি সংস্কার করা হয়। খলিল ব্যাপারীর মৃত্যুর পর তার ছেলে মোজাম্মেল হক ব্যাপারী ইটের দেয়াল ও টিনের ছাউনি দিয়ে মসজিদটির নতুন ঘর নির্মাণ করেন। ওই ভবনেই দীর্ঘদিন ধরে নামাজ আদায় করে আসছিলেন এলাকার মুসল্লিরা।

বিজ্ঞাপন

কয়েক বছর আগে পুরোনো ভবনের দেয়ালে ফাটল দেখা দেয় এবং পলেস্তারা খসে পড়তে থাকে। এতে মসজিদটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। পরে মসজিদ কমিটি ও মোজাম্মেল হক ব্যাপারীর বড় ছেলে মেজবাহুল হক বৈজু ব্যাপারী পুরোনো ভবনটি ভেঙে সেখানে নতুন দ্বিতল ভবন নির্মাণের উদ্যোগ নেন। এজন্য আত্মীয়স্বজন ও স্থানীয়দের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। পরে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ও জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

মসজিদ কমিটির সভাপতি মেজবাহুল হক বৈজু ব্যাপারী জানান, নির্মাণকাজ শুরু করার পর থেকে এ পর্যন্ত ৯-১০ লাখ টাকা ব্যয় হয়েছে। স্থানীয় এক ব্যক্তি ৬০ বস্তা সিমেন্ট দিয়ে সহযোগিতা করেছেন। আত্মীয়স্বজনদের কাছ থেকেও অর্থ সংগ্রহ করে কাজ এগিয়ে নেওয়া হয়েছে। তবে পিলার নির্মাণের পর দেয়াল ও ছাদ ঢালাইয়ের কাজ করতে যে অর্থ প্রয়োজন, তা জোগাড় করা সম্ভব হচ্ছে না। মসজিদের নিজস্ব কোনো তহবিল না থাকায় নির্মাণকাজ বন্ধ রয়েছে।

গত ১৭ অক্টোবর সরেজমিন দেখা যায়, নির্মাণাধীন ভবনের পাশে টিনের একটি ঘরে চট বিছিয়ে নামাজ আদায় করছেন মুসল্লিরা। তারা জানান, বৃষ্টি হলে টিনের চালের ছিদ্র দিয়ে পানি পড়ে। অন্যদিকে রোদে ঘরটি অতিরিক্ত গরম হয়ে যায়। এমন পরিবেশে নামাজ আদায় করতে তাদের কষ্ট হয়।

স্থানীয় রফিকুল ইসলাম মাস্টার বলেন, মসজিদটির ভিত্তি নির্মাণ করতে গিয়ে আমরা এখন বিপাকে পড়েছি। কারো কাছ থেকে অনুদান পাচ্ছি না, কাজেরও কোনো অগ্রগতি হচ্ছে না। তিনি মসজিদটির নির্মাণকাজ শেষ করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয় প্রবীণদের ভাষ্য, মসজিদটি শুধু ধর্মীয় উপাসনালয় নয়, এলাকার ইতিহাস ও ঐতিহ্যেরও অংশ। দীর্ঘদিন ধরে এখানে নামাজ আদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কিন্তু নির্মাণকাজ থমকে থাকায় এলাকাবাসীর মধ্যে হতাশা দেখা দিয়েছে। মসজিদ কমিটির পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত ধর্মপ্রাণ ও সামর্থ্যবানদের কাছে আর্থিক সহায়তা চাওয়া হয়েছে।

মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম নোমানী বলেন, মসজিদের আশপাশের এলাকার অধিকাংশ মানুষ দরিদ্র। তারা মসজিদের উন্নয়নে বেশি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারছেন না। টাকার অভাবে কাজ বন্ধ রয়েছে। বিকল্প স্থানে নামাজ আদায় করতেও মুসল্লিদের কষ্ট হচ্ছে।

মসজিদ কমিটির সভাপতি মেজবাহুল হক বৈজু ব্যাপারী বলেন, সমাজভুক্ত মুসল্লিদের অনুদান থেকে যে অর্থ আসে, তা দিয়ে ইমাম ও মুয়াজ্জিনের বেতন দিতেই কষ্ট হয়। তাই নির্মাণকাজ শেষ করতে দেশ-বিদেশের বিত্তবান ও হৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

সহায়তা পাঠানোর জন্য মসজিদ কমিটির পক্ষ থেকে অগ্রণী ব্যাংক পিএলসি, ভূরুঙ্গামারী শাখার হিসাব নম্বর ০২০০০২৫৮৪২২৪৮ (দেওয়ানের খামার আদিনা জামে মসজিদ) এবং বিকাশ/নগদ নম্বর ০১৭২৯৬৭৮২৯২ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, আমার এলাকার শুধু মসজিদ নয়; রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার চেষ্টা করছি। সুযোগ পেলে ওই মসজিদের উন্নয়নেও চেষ্টা করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন