রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা, ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করেছেন জাতীয় পার্টি ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপির পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে।
রোববার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন। ওসি জানান, আজ দুপুরের দিকে মামলা দুটি রেকর্ড করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ মে) নগরীর সেনপাড়ায় জাপা চেয়ারম্যানের বাড়ি ‘দ্য স্কাইভিউতে’ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শুক্রবার (৩০ মে) রাতে কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় সদস্যসচিব আরিফ আলী বাদি হয়ে মামলা করতে আসেন। কিন্তু এদিন মামলা রেকর্ড না করে অভিযোগ নেন ওসি। এ মামলার অভিযোগে হামলাকারী হিসেবে ২২ জনের নাম অভিযুক্ত করে অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।
এদিকে, ওইদিন শনিবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, কো-চেয়ারম্যান ও মোস্তাফিজার রহমান মোস্তফাসহ জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গসংগঠনের ১৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন করেন এনসিপি রংপুর মহানগরের সংগঠক আলমগীর রহমান নয়ন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনকে আসামি করা হয়।
মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, জাতীয় পার্টি ও এনসিপি নেতার দায়ের করা দুটি মামলা রেকর্ড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

