থানা থেকে মোটরসাইকেল চুরি, পুলিশ বলছে অভিযোগ পেয়েছি

থানা থেকে মোটরসাইকেল চুরি, পুলিশ বলছে অভিযোগ পেয়েছি

নিরাপদ স্থান থানা চত্বরে মোটরসাইকেল রেখে এক যুবক কাজে যান থানার ভিতরে। আধা ঘণ্টা পর এসে দেখেন মোটরসাইকেলটি নেই। এ ঘটনা নীলফামারীর কিশোরগঞ্জ থানার। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টার দিকে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকায় চাকরি করা বাহাগিলী ইউনিয়নের জয়ননকোট গ্রামের আছাহাব আলীর ছেলে আনোয়ার রহমান (৩৫) ও একই এলাকার মৃত আজাহারুল ইসলামের পুত্র উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান ১১০ সিসি টিভিএস মেট্রো প্লাস মোটরসাইকেলযোগে থানায় যান। থানা চত্বরে মোটরসাইকেলটি লক করে রেখে ভিতরে প্রবেশ করেন তারা। কাজ শেষে তারা ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। অনেক খোঁজাখুঁজির পর মোটরসাইকেলটি না পাওয়ায় পরে থানায় একটি চুরির অভিযোগ দেয়া হয়। এ ঘটনায় ফেসবুকসহ মানুষের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়।

আনোয়ার রহমান বলেন, আমি মোটরসাইকেলটি থানা চত্বরে গাছের কাছে রেখে কাজে ভিতরে প্রবেশ করি। আধা ঘণ্টা পরে এসে দেখি মোটরসাইকেলটি নেই।

উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু জানান, ঘটনা শুনে থানায় গিয়ে সিসি ক্যামেরা দেখা হয়েছে। কাল হয়তো ফুটেজ পাওয়া যাবে। তাহলে চুরির ঘটনার বিষয়ে জানা যাবে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, থানা থেকে মোটরসাইকেল চুরি যাওয়ার ঘটনা শুনেছি। অভিযোগ পেয়েছি। মোটরসাইকেল উদ্ধার ও চোরকে শনাক্তে অনুসন্ধান চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন