রংপুরের পীরগাছায় প্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন উপজেলা মিনি স্টেডিয়ামে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। পরে উত্তেজিত জনতা পীরগাছা-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ রাখা হয়।
স্থানীয়দের অভিযোগ, জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পটির মূল ঠিকাদারি প্রতিষ্ঠান জিএমএনবিসি (জেবি) লি., রাজবাড়ী, নিজে কাজ না করে ঢাকার মুন্তাহা বিল্ডার্স-এর কাছে কাজটি সাব-কন্ট্রাক্টে দিয়েছে। সাব-ঠিকাদার নির্মাণকাজে নিম্নমানের ইট, ভিটি মাটি, অপর্যাপ্ত সিমেন্ট এবং সিডিউল বহির্ভূত রড ব্যবহার করছে বলে অভিযোগ তাদের।
জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সরকারি অর্থায়নে ৮ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির কাজ ২০২৫ সালের ২৫ নভেম্বর শুরু হওয়ার কথা থাকলেও বাস্তবে ২০২৬ সালের এপ্রিলের শেষ দিকে কাজ শুরু হয়। নির্ধারিত সময় অনুযায়ী ১২ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই নির্মাণকাজে নানা অনিয়ম হচ্ছে। পাইলিংয়ের খুঁটির ঢালাইয়ে সিডিউল অনুযায়ী রড ব্যবহার করা হচ্ছে না। বালুর পরিবর্তে ভিটি মাটি ব্যবহার করা হচ্ছে এবং নির্ধারিত অনুপাতে সিমেন্ট ব্যবহার না করেই ঢালাইয়ের কাজ চলছে।

স্থানীয় বাসিন্দা মুকুল অভিযোগ করে বলেন, পাইলিং ও দেয়াল নির্মাণে ভিটি মাটি ব্যবহার করা হচ্ছে এবং প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট দেওয়া হচ্ছে। এসব অনিয়মের প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন মামলা দেওয়ার ভয় দেখায়। একপর্যায়ে ঠিকাদারের মিস্ত্রি আনোয়ার ও তার সহযোগীরা হামলা চালিয়ে চারজনকে আহত করেন বলেও অভিযোগ করেন তিনি।
অপর প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম বলেন, নিম্নমানের ইট ও মানহীন সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। কাজের মান নিয়ে প্রশ্ন তুললে স্থানীয়দের উল্টো হুমকি দেওয়া হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তিপত্র দেখাতেও অনীহা প্রকাশ করছে।
স্থানীয় আব্দুল গফফারের দাবি, পাইলিংয়ের রডের বালা তৈরিতে ১২ মিলিমিটার রড ব্যবহারের কথা থাকলেও সেখানে ৮ মিলিমিটার রড ব্যবহার করা হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্মাণাধীন স্টেডিয়ামসংলগ্ন পীরগাছা-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পীরগাছা থানার ওসি সেলিম মালিক এবং উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। পরে সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত এবং অভিযোগ তদন্তের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকল্প প্রকৌশলী আব্দুর রাজ্জাক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।
পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে স্থানীয়রা সড়ক অবরোধ করেছিলেন। প্রশাসনের পক্ষ থেকে সিডিউল অনুযায়ী কাজ নিশ্চিত করার আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ তুলে নেন।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখা হয়েছে। তদন্ত শেষে মান নিশ্চিত করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

