বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্স বলেন ২/১টি রাজনৈতিক দল এখন খুবই উৎফুল্ল। তারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে অন্য উদ্দেশ্যে কথা বলছে।
মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি বিকেলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইসব কথা বলেন।
তাদের উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে যে ভুল করেছেন, এবারও ভুল করলে জনগণ ক্ষমা করবে না। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, কারও কথায় কান না দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সঠিকভাবে দায়িত্ব পালন করুন। চাঁদাবাজ, সন্ত্রাসী যে দলেরই হোক, আপনারা তাদেরকে আইনের আওতায় আনুন।
তিনি আরও বলেন, যতই ষড়যন্ত্র হোক না কেন, জনগণের দল বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতিতে কোন সুফল বয়ে আনবে না। তাই সংসদ নির্বাচনের আগে স্থানীয় কোন নির্বাচন দেওয়ায় চেষ্টা করা হলে দেশের জনগণ তা মেনে নিবে না।
তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিএনপি ছয় মাসেও কোন কথা বলেনি। আমরা পর্যবেক্ষণ করেছি তাদের সকল কর্মকাণ্ড। এখন দেখছি তারা জনগণকে পাশ কাটিয়ে চলছে। এজন্য আমরা জনগণকে সাথে নিয়ে আমরা জনসমাবেশের মাধ্যমে সরকারকে বার্তা দিচ্ছি।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই সমাবেশের আয়োজন করা হয়। শহরের শেরে বাংলা সড়কের এ সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

