লুটপাট-দুর্নীতি জাদুঘরে নিয়ে যাওয়া হবে: আব্দুল মুনতাকিম

লুটপাট-দুর্নীতি জাদুঘরে নিয়ে যাওয়া হবে: আব্দুল মুনতাকিম

ফ্যাসিস্ট আওয়ামী লীগ লুটপাট-দুর্নীতি করে, দেশের টাকা পাচার করে বিদেশে পালিয়ে গেছে। দেশের সব সেক্টর ধ্বংস করেছে, দেশকে পঙ্গু করে ছাত্র-জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জামায়াতের দলীয় অফিস চত্বরে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নীলফামারী-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

তিনি বলেন, দেশের শান্তি ফ্যাসিস্টদের কাছে ভালো লাগছে না। তাই লুটপাট-দুর্নীতির টাকা দিয়ে দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। তারা পাচারের টাকা দিয়ে শান্তিতে ঘুমালেও দেশের জনগণের মাঝে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র প্রতিনিয়ত করছে। তাই সকলকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মার্কায় ভোট দেন, আমরা লুটপাট-দুর্নীতি জাদুঘরে নিয়ে যাবো ইনশাআল্লাহ।

হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, আমাদের নেতাদের ফাঁসি দেয়া হয়েছে, নেতাকর্মীদের অমানসিক নির্যাতন করা হয়েছে। বাড়িতে ঘুমাতে দেয়নি। জেল-জুলুম, হয়রানি করেছে। তারপরও আমাদের কেউ পালিয়ে ও লুকিয়ে থাকেনি। দেশটিকে তারা জেলখানা বানিয়ে ছিল। কিন্তু লুটপাট-দুর্নীতি করা ফ্যাসিস্ট সরকার ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে পালিয়েই গেছে। জনগণ বুঝেছে প্রকৃত দেশপ্রেম কাদের আছে। তাই মুক্ত দেশে জনগণ আগামীতে জামায়াতকে চাচ্ছেন।

তিনি আরও বলেন, জনগণ আগামীর বাংলাদেশ একটি বাড়ি একটি খামার, একটি তোমার, একটি হামার- এরকম বাংলাদেশ দেখতে চায় না। আগামীর বাংলাদেশ হবে লুটপাট, দুর্নীতি-বৈষম্যমুক্ত বাংলাদেশ।

কর্মী সমাবেশে কিশোরগঞ্জ ইউনিয়ন আমির মাওলানা শিব্বীর আহমেদ সভাপতিত্ব করেন।

এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলার শূরা ও কর্মপরিষদ সদস্য মো. আব্দুল কাদের, বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ উপজেলা আমির মো. আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারি মো. ফেরদৌস আলম প্রমুখ।

এর আগে বিকালে ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ভেড়ভেড়ী হাজিরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষক রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের জামায়াত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

প্রধান আলোচক ছিলেন উপজেলা আমির মো. আব্দুর রশিদ শাহ্, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নায়েবে আমির আখতারুজ্জামান বাদল, সহ-সেক্রেটারি মো. রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মনজুরুল ইসলাম রতন, পুটিমারী ইউনিয়ন আমির মাওলানা আফজালুল হক। সভা উদ্বোধন করেন ওয়ার্ড সভাপতি মো. আব্দুল লতিফ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন