বড়পুকুরিয়া খনিতে পুনরায় কয়লা উত্তোলন শুরু

বড়পুকুরিয়া খনিতে পুনরায় কয়লা উত্তোলন শুরু

দুই মাস চার দিন পর পুনরায় দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলন শুরু হয়েছে।

বিজ্ঞাপন

খনির ভূগর্ভের নতুন ১৪০৫ নম্বর ফেইজে বৃহস্পতিবার ভোর থেকে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক।

গত ১২ আগস্ট খনি ভূগর্ভের ১৩০৯ নম্বর ফেইজের কয়লা শেষ হয়ে যাওয়ায় কয়লা উত্তোলন বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ হয়ে যাওয়া ফেইজ থেকে ৪ লাখ ১৫ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হয়েছিল।

প্রায় দুই মাস ধরে আগের ফেইজ থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ফেইজে স্থানান্তরসহ বিভিন্ন কারিগরি কার্যক্রম পরিচালনা করা হয়। শুক্রবার সকাল থেকে এই ফেইজে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হয়েছে। এদিকে, কয়লা উত্তোলন শুরু হওয়ায় খনিতে পুনরায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় যোগাযোগ করা হলে বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক 'আমার দেশ'-কে মুঠোফোনে জানান, বৃহস্পতিবার ভোর থেকে খনির ভূগর্ভের নতুন ১৪০৫ নম্বর ফেইজ থেকে প্রাথমিকভাবে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু হয়। তবে এই নতুন ফেইজে পুরোদমে কয়লা উত্তোলন শুরু হতে কিছুটা সময় লাগবে, কারণ এটি একটি ক্রিটিক্যাল ফেইজ। নতুন এই ফেইজ থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা হতে পারে।

তিনি আরো জানান, বর্তমানে খনির কোলইয়ার্ডে ৬ লাখ মেট্রিক টনের বেশি কয়লা মজুত রয়েছে, যদিও খনির কোলইয়ার্ডের ধারণক্ষমতা ২ লাখ ২০ হাজার মেট্রিক টন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন