বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, আলেমদের মসজিদ-মাদরাসার পাশাপাশি রাষ্ট্র পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে। রাষ্ট্রের মূলনীতি এবং কীভাবে তা পরিচালনা করতে হবে, তার সবকিছুই পবিত্র কোরআন-হাদিসে রয়েছে।
গতকাল রোববার সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলায় ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম বলেন, শুধু হাফেজ হওয়া বা মাদরাসার শিক্ষক হলেই দায়িত্ব শেষ হয় না। মহানবী হজরত মুহম্মদ (সা.) যেমন মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তেমনি সমাজ ও রাষ্ট্রের দায়িত্বও পালন করেছেন। তাই আলেমদের শুধু মসজিদ-মাদরাসার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য নিজেদের যোগ্য করে তুলতে হবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি দেশ, সমাজ, অর্থনীতি, প্রশাসন ও সমকালীন বিশ্ব সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞানার্জন করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব দিতে পারে। মাদরাসার শিক্ষার্থীদের কোরআন-সুন্নাহর জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের পাশাপাশি আধুনিক জ্ঞান-বিজ্ঞানেও দক্ষ হতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, শিক্ষক, প্রশাসকসহ বিভিন্ন পেশায় নিজেদের যোগ্য করে তুলে দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জাকারিয়া। বক্তব্য দেনÑবদরগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির শাহ মুহাম্মাদ রোস্তম আলী, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, বদরগঞ্জ মডেল মসজিদের ইমাম মঈনুদ্দীন তাওহীদ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

