পঞ্চগড় শহরের রাজনগর বাজারের টিন পট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ১৬টিরও বেশি বানিজ্যিক প্রতিষ্ঠান।
দোকান মালিকরা জানিয়েছেন, ৬টি দোকানের কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
এসময় তিনি ক্ষতিগ্রস্থদের সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি আর যাতে কোন অগ্নিকাণ্ড না ঘটে এ জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান । এসময় জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে মঙ্গলবার রাত ১২টার দিকে হঠাৎ একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা আশে পাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা ঘটনার পরেই ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ জানাতে না পারলেও ধারণা করে বলছে বাজারের প্রায় ৬টি দোকানের কয়েক কোটি টাকার মালামাল পুড়েছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা না গেলেও- অনেকের ধারণা বৈদ্যুতিক শটসার্কিট থেকে সূত্রপাত হতে পারে।
স্থানীয়রা বলেন, আগুনের সূত্রপাত ভয়াবহ ছিল। অল্প সময়ে যেভাবে ৬টি দোকানের সব মালামাল পুড়েছে- তাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে বাজারের পরিস্থিতি ভয়াবহ ছিল। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের পাশে কাপড়ের মার্কেট ছিল। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাদের দাবি কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে পথে বসেছেন তারা।
এদিকে পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক ফরহাদ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে ৩টি ইউনিট দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। একই সাথে এখন পর্যন্ত ৬টি দোকানে অগ্নিকাণ্ডের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিটে এ ঘটনা ঘটেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

